ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট গ্রহণ করবেন না জামায়াতের নির্বাচিত এমপিরা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে শিশির মনির বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।” এর আগে, নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন—আগামীতে জামায়াত থেকে কোনো এমপি নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িও ব্যবহার করবেন না।

ওই সমাবেশে তিনি আরও বলেন, “যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা সরকারকে আশ্বস্ত করছি—প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই তাদের পাশে থেকে কাজ করব। তবে তারা যদি পুরোনো অনিয়মের পথে ফিরে যায়, প্রথমে ব্যক্তিগতভাবে সতর্ক করব। সংশোধন না হলে অতীতের মতো ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রামে ছাড় দেওয়া হবে না।”

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন লাভ করেছে।

জামায়াতের এই অবস্থানকে রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

error: Content is protected !!