ট্রাইব্যুনালে প্রসিকিউশন: ইন্টারনেট বন্ধই ছিল হত্যাযজ্ঞের কৌশল

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার পেছনে অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওইদিন জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগে দায়ের করা মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার নেপথ্যে জয় ও পলকের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আন্দোলনের সময় তথ্যপ্রযুক্তি খাতের দায়িত্বে থাকা এই দুই ব্যক্তি ইন্টারনেট বন্ধের মাধ্যমে সহিংসতা পরিচালনায় সহায়তা করেন বলে অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, গণহত্যায় সহায়তার পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে পলক তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান-এর সঙ্গে নিয়মিত আলোচনা ও সমন্বয় করেন। মামলায় এসব ষড়যন্ত্র ও পরিকল্পনার প্রাসঙ্গিক নথি ও তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এই মামলার মাধ্যমে জুলাই গণহত্যার প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

error: Content is protected !!