নীলফামারীর ডিমলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আল-আমিনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আল-আমিনের বাড়ি ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে। হামলাকারী ব্যক্তি একই প্রতিষ্ঠানের এক প্রাক্তন শিক্ষার্থী বলে জানা গেছে। তবে ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং পুলিশও এখনও বিস্তারিত তথ্য উদঘাটন করতে পারেনি।
এদিকে শিক্ষার্থী আল-আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করা না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং কার্যকর নিরাপত্তা নীতিমালা প্রণয়নেরও জোর দাবি জানান তারা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকদের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।