ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৭২ জন

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৭২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। এর ফলে চলতি বছরে ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যা ৩৭৭–এ অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে বরিশালে ৯০ জন, চট্টগ্রামে ১৩২ জন, ময়মনসিংহে ৩২ জন এবং সিলেট অঞ্চলে ৩ জন রয়েছেন। রাজধানীর ভেতরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৩২ জন এবং দক্ষিণ সিটিতে ৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে আরও ১১৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৫৭০ জন। ফলে এ বছর মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ২২২ জনে।
জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৩ হাজার ৭৬৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজারের বেশি মানুষ এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন।

error: Content is protected !!