রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২১ মার্চ) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশ এডিশন/ডেস্ক/মার্চ ২১, ২০২৬