ঢাকা–করাচি আকাশপথে নতুন যাত্রা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান জানান, রাত ৮টায় নির্ধারিত ঢাকা–করাচি রুটের উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। ১৬২ আসনের এই ফ্লাইটটি টানা প্রায় তিন ঘণ্টা আকাশে উড়ে করাচিতে অবতরণ করবে।

বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা–করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পুনরায় আলোচনায় আসে। সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই অনুমোদন ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এটি নবায়ন করা হতে পারে। নতুন অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশকে নির্ধারিত ফ্লাইট রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। করাচি বিমানবন্দরে এ ফ্লাইটের জন্য আলাদা স্লট নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা বিধি নিশ্চিত করতে হবে।

কর্তৃপক্ষের মতে, এই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও সহজ হবে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

error: Content is protected !!