গণভোট বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা বিরোধী দলের

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটটি।

বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, এ বিষয়ে সরকারি দলের কার্যক্রমে তারা বিস্মিত ও হতাশ।

একই দিন সংসদের অধিবেশনে এ বিষয়কে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। তারা অভিযোগ করেন, গণভোট সংক্রান্ত জুলাই সনদ জারি না করা এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন না করার কারণে তারা এ প্রতিবাদ জানান।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের বিষয়টি কোনো একক দলের নয়, বরং এটি জনগণের প্রত্যাশার সঙ্গে জড়িত। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তার দাবি, গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়ায় জনগণের মতামতের মূল্যায়ন হয়নি।

তবে এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে সংসদে আলোচনার মাধ্যমে বিষয়টি উত্থাপনের আহ্বান জানান এবং পরবর্তী মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা পাওয়া যেতে পারে এবং এরপরও প্রয়োজন হলে বিরোধী দল তাদের সিদ্ধান্ত নিতে পারে।

উল্লেখ্য, ঘোষিত কর্মসূচির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজনৈতিকভাবে আরও কর্মসূচি আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

error: Content is protected !!