তাজুল ইসলামের স্থলে আমিনুল ইসলাম: আইসিটির নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১২ ঘন্টা আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে সরকার। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা তাজুল ইসলাম-এর পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলাম-কে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।

তাজুল ইসলামের দায়িত্বকালে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ চলমান রয়েছে। ইতোমধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে।

ঘোষিত রায়ে দণ্ডিতদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় অপেক্ষমাণ রয়েছে।
এর মধ্যে জুলাইয়ের ঘটনাপ্রবাহ সংশ্লিষ্ট দুটি মামলার রায় শিগগিরই ঘোষণা হতে পারে। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত একটি মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, পূর্ববর্তী সরকারের সময়ের গুম ও নির্যাতনসংক্রান্ত মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এসব মামলায় সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান-সহ একাধিক সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বিচারাধীন রয়েছেন।

আইসিটির নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামের নিয়োগ ট্রাইব্যুনালের চলমান বিচারপ্রক্রিয়ায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

error: Content is protected !!