রংপুরের তারাগঞ্জে হাড়িয়ারকুঠি ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। আজ (শুক্রবার) সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে নিজ হাতে এসব কম্বল তুলে দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
চলমান শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সরকারি সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা
কম্বল বিতরণকালে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারের এই মানবিক সহায়তা সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটি শীতার্ত ও নিম্নআয়ের মানুষ যেন এই সুবিধা পায়, সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।”
তিনি আরও জানান, হাড়িয়ারকুঠি থেকে এই কার্যক্রম শুরু হলেও দ্রুততম সময়ের মধ্যে উপজেলার বাকি চারটি ইউনিয়নেও পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। শীতের এই কঠিন সময়ে কোনো মানুষ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।