চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ আদায়রত অবস্থায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা উত্তর শাখা।
হামলার শিকার হয়েছেন ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জিহাদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জেলা শাখার সভাপতি শওকত আলী ও সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান এই ঘটনার প্রতিবাদ জানান। বিবৃতির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
বিবৃতিতে নেতারা বলেন, পবিত্র রমজান মাসে এবং মসজিদের ভেতরে ইবাদতরত অবস্থায় একজন ছাত্রনেতার ওপর হামলা চালানো শুধু রাজনৈতিক সহিংসতা নয়; এটি ধর্মীয় পবিত্রতা, মানবিক মূল্যবোধ ও মৌলিক অধিকারকে চরমভাবে লঙ্ঘনের শামিল। সংগঠনটির দাবি, চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত এক বিএনপি নেতার নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢুকে নামাজরত মো. জিহাদকে টেনে বাইরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। হামলাকারীরা রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করে সহিংসতা চালায় বলে অভিযোগ করা হয়।
শিবির নেতারা আরও বলেন, ইবাদতখানা ও জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলামি মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি সন্দ্বীপ অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার একটি পরিকল্পিত অপচেষ্টা এবং গণতান্ত্রিক দেশে মত ও আদর্শভিত্তিক রাজনীতির ওপর সরাসরি হস্তক্ষেপ।
বিবৃতিতে আহত মো. জিহাদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।