দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।”
এর আগে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন।
ঘটনার পর শিক্ষকরা শাহবাগ এলাকা ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. ১০ম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ,
২. সময়মতো পদোন্নতি নিশ্চিত করা,
৩. শিক্ষা প্রশাসনে সহকারী শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষা।
শিক্ষক নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস না এলে আন্দোলন আরও তীব্র করা হবে।
চলমান কর্মবিরতিতে সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান বন্ধ থাকায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।