রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন তেল পাম্পে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে করে স্থানীয় পরিবহন ও জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে।
পাম্প মালিকদের দাবি, চট্টগ্রামের ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি চট্টগ্রামে খালি ড্রাম ফেরত পাঠানো হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছেন।
সরেজমিনে দেখা গেছে, অনেকেই বড় বড় কন্টেইনারে অতিরিক্ত তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ফলে স্বল্প সময়ের মধ্যেই কয়েকটি পাম্পে তেলের মজুত কমে গেছে এবং সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু পাম্প মালিক প্রতি লিটার তেলের দাম প্রায় ৩ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ডিজেল প্রতি লিটার ১০৭ টাকা এবং অকটেন বা পেট্রোল ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। তেলের দাম বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে যাত্রী পরিবহনের ভাড়াতেও পড়তে শুরু করেছে।
বাঘাইছড়ি সিএনজি মালিক সমিতির সভাপতি আলী আকবর হোসেন প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়ে বলেন, “এভাবে চলতে থাকলে বাঘাইছড়ির জনজীবনে অস্থিরতা তৈরি হতে পারে।”
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “জ্বালানি তেলের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে পাম্প মালিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে প্রশাসন ব্যবস্থা নেবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।