তেল ও গ্যাসের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার: অর্থমন্ত্রী

‎ রুপন দত্ত | আনোয়ারা, চট্টগ্রাম:
প্রকাশ: ২৩ minutes ago

দেশে আপাতত জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও উচ্চ মূল্যে তেল ও গ্যাস সরবরাহ দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় খুব শিগগিরই জ্বালানি তেল নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU)-এর শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে তেলের কোনো ঘাটতি নেই। তবে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কারণে কতদিন এভাবে সরবরাহ বজায় রাখা যাবে, সেটি একটি বড় প্রশ্ন।”

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই পড়ছে। বাংলাদেশের বেশিরভাগ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয় এবং এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো ধরনের আপসের সুযোগ নেই।”

সংকট মোকাবিলায় সরকার সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পুঁজিবাজার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা হবে এবং ব্যাংক ঋণনির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিবাজারভিত্তিক বিনিয়োগকে উৎসাহিত করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান, ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিহাক সাং, CIU বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইয়ংওয়ান কর্পোরেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ বিতরণ করা হয়।

error: Content is protected !!