ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব সরকারি অফিসে জরুরি নির্দেশনা, চিঠিতে বিশেষ লোগো বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে নতুন জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচনকালীন প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবে দেশের সব সরকারি অফিসের দাপ্তরিক যোগাযোগে নির্ধারিত বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি এ নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নির্দেশনায় বলা হয়, নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারি দপ্তরগুলোর সব ধরনের চিঠিপত্রে ডান পাশে নির্ধারিত লোগো যুক্ত রাখতে হবে। কেন্দ্রীয় সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের সব প্রশাসনিক দপ্তরের দাপ্তরিক পত্রালাপে এই নিয়ম কার্যকর থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদারকি করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে।

এছাড়া নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ এবং দৃষ্টিনন্দন স্থানে লোগো সম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নির্বাচনী পরিবেশ তৈরি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারের প্রস্তুতির অংশ হিসেবেই এই নির্দেশনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

error: Content is protected !!