আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের ৩০০ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কমিটি গঠনের তথ্য জানানো হয়।
ইসি জানায়, আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নিজ নিজ দপ্তর থেকে অবমুক্ত বলে গণ্য হবেন এবং নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সরাসরি উপস্থিত থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এই কমিটিগুলোর কার্যক্রম প্রজ্ঞাপন জারির দিন থেকে শুরু হয়ে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত চলবে। নির্বাচনী অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করাই এসব কমিটির মূল লক্ষ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন।