দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাসহ ৯ নেতা বিএনপি থেকে বহিষ্কার

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন— বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। বিএনপি ও জোটের পক্ষ থেকে নির্ধারিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হলেও বহিষ্কৃত নেতাদের কেউ কেউ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণের কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রুমিন ফারহানা এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের কথাও জানিয়েছিলেন।

error: Content is protected !!