দারচিনির পানির গুণ পেতে চাইলে অবশ্যই জানুন এই ৫ নিয়ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

ওজন কমাতে অনেকেই ভরসা রাখছেন রোজ সকালে দারচিনির পানির ওপর। বিপাকের হার বাড়ানো থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ—দারচিনির রয়েছে নানা গুণ। তবে নিয়ম না মেনে বা ভুল পদ্ধতিতে খেলে মাসের পর মাস চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

দারচিনি মানবদেহের বিপাকক্রিয়া দ্রুত করতে সহায়তা করে, হজম ক্ষমতা ভালো রাখে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পরোক্ষভাবে ওজন কমাতেও ভূমিকা রাখে।

কোন দারচিনি বেশি উপকারী
বাজারে মূলত দুই ধরনের দারচিনি পাওয়া যায়—সেলন ও ক্যাসিয়া। সেলন প্রজাতির দারচিনির মান তুলনামূলক ভালো এবং এটি বেশি স্বাস্থ্যকর। এর স্বাদ হালকা মিষ্টি, রং হালকা বাদামি। অন্যদিকে ক্যাসিয়া দারচিনির রং গাঢ় ও স্বাদ ঝাল। ক্যাসিয়াতে ‘কমারিন’ নামক একটি উপাদানের মাত্রা বেশি থাকে, যা দীর্ঘদিন বেশি পরিমাণে গ্রহণ করলে লিভারের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। যদিও সেলনের দাম কিছুটা বেশি, তবুও স্বাস্থ্যগত দিক বিবেচনায় এটিই নিরাপদ।

রান্না ও ব্যবহারে যেসব ভুল এড়াবেন
অতিরিক্ত রান্না করলে দারচিনির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই রান্নার একেবারে শেষে এই মসলা ব্যবহার করাই ভালো। দারচিনির পানি বা চা বানানোর সময়ও খুব বেশি ফোটানোর দরকার নেই—হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলেই যথেষ্ট।
বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে গোটা দারচিনি কেনাই উত্তম। গুঁড়া দারচিনি দীর্ঘদিন রেখে দিলে এর গুণাগুণ কমে যায়। প্রয়োজনে অল্প অল্প করে বাড়িতেই গুঁড়া করে ব্যবহার করা ভালো।

পরিমাণ ও সময়
প্রতিদিন ১ থেকে ২ চা-চামচের বেশি দারচিনি গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। খাবারের অন্তত আধা ঘণ্টা আগে দারচিনির পানি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। তবে টানা এক মাস খাওয়ার পর কিছুদিন বিরতি নেওয়া জরুরি। গরমের সময় প্রতিদিন দারচিনি না খাওয়াই ভালো, কারণ এটি শরীরের তাপ বাড়ায়।

সতর্কতা জরুরি
থাইরয়েড, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের ওষুধ সেবনকারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। দারচিনির পানি নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধ গ্রহণের কতক্ষণ আগে বা পরে এই পানীয় খাওয়া যাবে না, সেটিও জেনে নেওয়া জরুরি বলে মত চিকিৎসকদের।

সঠিক নিয়ম মেনে ও পরিমিত মাত্রায় দারচিনির পানি গ্রহণ করলে এটি ওজন কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য রক্ষায়ও সহায়ক হতে পারে।

error: Content is protected !!