খাগড়াছড়ির দিঘীনালায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ (পাভিসবা)-এর কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন এবং মহামান্য সংঘরাজ ও উপসংঘরাজ অভিষেক অনুষ্ঠান–২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ৫ম মহামান্য সংঘরাজ ও উপসংঘরাজ ভান্তেদের সারিবদ্ধভাবে সাধু ও জয়ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে আগমনের মাধ্যমে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিভিন্ন বিহার থেকে আগত জ্যেষ্ঠ ও প্রাজ্ঞ ভিক্ষুসংঘ অংশগ্রহণ করেন। সাবেক কেন্দ্রীয় সম্পাদক ভদন্ত শীলপাল মহাথেরো এবং বর্তমান কেন্দ্রীয় সম্পাদক ভদন্ত লোকমিত্র থের-এর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে সর্বস্তরের জনগণ নব অধিষ্ঠিত মহামান্য সংঘরাজ ও উপসংঘরাজ ভান্তেদের পুষ্পপূজা ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকারা পাভিসবা’র প্রয়াত চারজন মহামান্য সংঘরাজের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করেন।
এ সময় সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রদান করেন এবং ভদন্ত তি রত্তন জ্যোতি থেরো দানোৎসর্গ পরিচালনা করেন। পরবর্তীতে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর শাখা, স্থানীয় প্রশাসন, কার্বারী-হেডম্যান অ্যাসোসিয়েশন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব অধিষ্ঠিত সংঘরাজ ও উপসংঘরাজকে ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে মাননীয় উপসংঘরাজ ও মহামান্য সংঘরাজ উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও আশীর্বাদ প্রদান করেন।
সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ ঘোষণা করেন।
ধর্মীয় শৃঙ্খলা, সম্প্রীতি ও ভক্তিমূলক পরিবেশে পাভিসবা’র কেন্দ্রীয় সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।