দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব সেবা সাময়িক স্থগিত

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, সাম্প্রতিক নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত শনিবার রাতে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০–২৫ জন সদস্য বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে তারা সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার (২১ ডিসেম্বর) বলেন, কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সাধারণত অত্যন্ত নিরাপদ জায়গায় অবস্থান করে। সে এলাকায় কীভাবে চরমপন্থীরা প্রবেশ করতে পারলো, বিষয়টি অস্বাভাবিক ও উদ্বেগজনক। তিনি আরও জানান, ঘটনার পর হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি অনুভব করছেন।

পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

error: Content is protected !!