দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সফরকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে বিভিন্ন স্তরে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। সভাস্থলে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।
দলীয় নেতারা আশা করছেন, এই জনসভা ময়মনসিংহ অঞ্চলে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে।