দুর্গম সাজেক পাহাড়ে চিকিৎসা সেবায় ভরসার নাম বিজিবি

রুপম চাকমা | বাঘাইছড়ি, রাঙামাটি
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদে চিকিৎসা সেবায় আশার আলো হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে সাজেক ইউনিয়নের মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। বিজিবির দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাহাড়ি এলাকার শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১০০ জন অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম (এএমসি) সরাসরি দুর্গম এলাকায় গিয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, দুর্গম এলাকার কারণে নিয়মিত চিকিৎসা পাওয়া কঠিন। বিজিবির এই উদ্যোগ এলাকাবাসীর জন্য বড় সহায়তা।

দুর্গম পাহাড়ি অঞ্চলে সরকারি স্বাস্থ্যসেবা সীমিত থাকায় এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

error: Content is protected !!