বাংলাদেশ পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমান পদস্থাপনার অবস্থান অপরিবর্তিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
এর আগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) দায়িত্ব চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে লটারি করে এসপিদের নাম নির্বাচন করা হয়। পরে বুধবার তাঁদের সংশ্লিষ্ট জেলায় পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও সমন্বিত করতে এসব পদোন্নতি ও পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র মনে করছে।