দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে হলুদ এই ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা
এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের দাম এতটা উচ্চতায় পৌঁছায়নি। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, ডলারের দাম ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এমন রেকর্ড দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ববাজারে স্বর্ণের মূল্য এখনো অস্থির। ফলে ভবিষ্যতেও দামের তারতম্য ঘটতে পারে।