দেশের স্বার্থ নয়, অচলাবস্থা তৈরিই লক্ষ্য— বন্দর আন্দোলন নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে চলমান কর্মসূচিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বন্দর-সংশ্লিষ্ট একটি পক্ষ বলছে, আন্তর্জাতিক মানের অপারেটর যুক্ত হলে দেশের বন্দর ব্যবস্থাপনা আধুনিক ও দক্ষ হবে; অন্যদিকে আন্দোলনকারীরা এর বিরোধিতা করছেন।

বন্দর সংশ্লিষ্ট মহলের একটি অংশের দাবি, বিশ্ববিখ্যাত বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান DP World বিশ্বের বহু উন্নত ও বাণিজ্যনির্ভর দেশে কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে। তাদের মতে, এ ধরনের প্রতিষ্ঠান যুক্ত হলে প্রযুক্তি, দক্ষতা ও ব্যবস্থাপনায় উন্নয়ন আসতে পারে, যা আমদানি–রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত করবে।

তাদের অভিযোগ, কিছু গোষ্ঠী বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপ্রয়োজনীয় আন্দোলনের মাধ্যমে কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। ফলে কনটেইনার হ্যান্ডলিং, পণ্য খালাস এবং সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হচ্ছে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলোর দাবি, বন্দরের স্বার্থ রক্ষায় তারা কর্মসূচি পালন করছেন এবং বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এখানে যেকোনো দীর্ঘস্থায়ী অচলাবস্থা শিল্প, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।

error: Content is protected !!