বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়; দেশের প্রকৃত মালিক জনগণ। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি। এ লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা রেখে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-এর চরজানা বাইপাস সংলগ্ন বিশাল খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে দেশের প্রতিটি এলাকার পরিবর্তন সম্ভব। এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে মানুষ নিজ এলাকাতেই কাজের সুযোগ পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলা তার ঐতিহ্যবাহী শিল্প ও কৃষিভিত্তিক ব্যবসার কারণে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতে এই জেলায় ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে টাঙ্গাইলকে একটি শিল্পনগরীতে পরিণত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তৃতায় তিনি বলেন, আগামীর রাজনীতি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে তারেক রহমান টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় টানা তিন দিনব্যাপী বিএনপির নির্বাচনী জনসংযোগ কার্যক্রম শেষ করেন তিনি।
