ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আল্লাহকে অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
হেফাজত মহাসচিব বলেন, আবুল সরকার প্রকাশ্যে আল্লাহকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ ও ‘মিথ্যাচার’ করেছেন বলে স্থানীয় সচেতন মুসলমানদের প্রতিবাদের মুখে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা হেফাজত কামনা করে না। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে উসকানিদাতা হিসেবে আবুল সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, ধর্মীয় অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানো স্থানীয় আলেম ও সাধারণ মানুষকে প্রশাসনের কেউ হয়রানি করলে তার ফল ভালো হবে না। ‘ধর্ম অবমাননার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না’ বলেও সতর্ক করেন তিনি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক ভিডিওতে কয়েকজন বাউল শিল্পীও আবুল সরকারের বক্তব্যের সমালোচনা করেছেন। ফলে ইসলাম অবমাননার বিষয়টি আড়াল করার সুযোগ নেই বলে দাবি করেন হেফাজত নেতারা।
তিনি অভিযোগ করেন, আবুল সরকারের পক্ষে অবস্থান নেওয়া সেক্যুলার বা প্রগতিশীল গোষ্ঠী সমাজে ধর্ম অবমাননা করার সুযোগ তৈরি করতে চায়। পাশাপাশি ‘বাউলবাদের আড়ালে ইসলামের বিকৃতি ও অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, কথিত বাউল আবুল সরকারের মন্তব্যকে সমর্থন করে প্রতিবাদী মুসলমানদের দোষারোপ করা বাংলাদেশের স্বার্থবিরোধী। তার দাবি, প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার অংশ হিসেবে কিছু মহল এই ইস্যুকে ব্যবহার করছে।
তিনি বলেন, “জুলাই বিপ্লব বানচালের উদ্দেশ্যে যেকোনো অস্থিরতা সৃষ্টির চক্রান্ত প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।”