নগরকান্দায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা বিএনপি কর্মী আহত

স্টাফ রিপোর্টার | মো. শাহাদাৎ হোসেন
প্রকাশ: ২ মাস আগে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামে। স্থানীয় সূত্র জানায়, পুরাপাড়া বাজারে অবস্থিত নিজের টিনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. কামাল মোল্লা নামের ওই বিএনপি কর্মীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, নগরকান্দা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. সাগর মোল্লা ও মো. বিয়ার মোল্লার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল কামাল মোল্লার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় একাধিক আঘাত করা হয় এবং কিল-ঘুষিতে মারধর করে তাকে রাস্তায় ফেলে রাখা হয়।

কামাল মোল্লার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থাকে আশঙ্কাজনক বিবেচনা করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার পর হামলাকারীরা ক্ষান্ত না হয়ে আশপাশের কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুরের শিকার পরিবারগুলোর মধ্যে রয়েছেন—
মো. মোহন মোল্লা (পিতা: মো. দাউদ মোল্লা),
মো. মনির মোল্লা (পিতা: মো. দাউদ মোল্লা)
এবং মো. সাজ্জাদ মোল্লা (পিতা: মরহুম লাভলু মোল্লা)।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি মামলা নম্বর-১৬ এবং স্মারক নম্বর-২২৬ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

পরিস্থিতি শান্ত রাখতে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান (বাবু) ফকির, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাই খান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফায়েক মোল্লা, মো. মোশারফ মোল্লা, মো. শহীদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

error: Content is protected !!