নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দেশ এডিশন | মোঃ শাহাদাৎ হোসেন:
প্রকাশ: ৫২ minutes ago

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বিএনপির সাবেক মহাসচিব ও বরেণ্য রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ ২০২৬) বিকাল ৩টায় আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ সময় মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন দেশের একজন জননন্দিত নেতা, যিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, কে এম ওবায়দুর রহমান ১৯৪০ সালের ৫ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালের ২১ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে তাকে নিজ গ্রাম লস্করদিয়ায় দাফন করা হয়।

স্মরণসভা শেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

error: Content is protected !!