নববর্ষে ঐক্য, সংস্কৃতি ও অগ্রগতির আহ্বান: প্রধানমন্ত্রীর বাণী

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২ ঘন্টা আগে

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলা নববর্ষ আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক।

নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পহেলা বৈশাখ যুগে যুগে নতুনের বার্তা নিয়ে আসে। পুরোনো গ্লানি ও সীমাবদ্ধতা পেছনে ফেলে নতুন বছরে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এই উৎসব। তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে নতুন বাংলা বছর ১৪৩৩-কে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি ও প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। আধুনিকতার অগ্রগতির মাঝেও কৃষকরা প্রকৃতির ছন্দ মেনেই তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন। এই উৎসবের মাধ্যমে বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও মূল্যবোধ নতুন করে প্রাণ পায়। তিনি আরও বলেন, বৈশাখি মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। নববর্ষ নতুন সম্ভাবনা ও প্রত্যাশার দুয়ার খুলে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে রয়েছে সামাজিক সহায়তা কার্যক্রম, ক্রীড়া উন্নয়ন উদ্যোগ, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা।

এছাড়া নববর্ষের প্রথম দিন থেকে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালুর কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এটি দেশের কৃষি খাত ও কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সহনশীলতা, সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নববর্ষ উপলক্ষ্যে তিনি সকলকে সংকীর্ণতা পরিহার করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান এবং নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

error: Content is protected !!