হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পিকআপ চালক ও শ্রমিকরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বালিদ্বারা) বাজার সংলগ্ন এলাকায় দুই দফায় ঘন্টাব্যাপী এ সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একইদিন দুপুরে নবীগঞ্জের মেলা বাজার এলাকায় পিকআপ চালকদের সঙ্গে বাজার কমিটির কয়েকজন সদস্যের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পিকআপে বহন করা গরু জোরপূর্বক নামাতে বাধা দিলে চালকদের ওপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ৮ জন পিকআপ চালক আহত হন।
আহতরা হলেন— সেলিম মিয়া, জুয়েল আহমদ, কামরুল মিয়া, মাছুম মিয়া, আহমদ আলী, রায়হান মিয়া, ইকবাল মিয়া, শাহিন মিয়া ও আলেক মিয়া। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে মেলা বাজার এলাকায় পিকআপ আটকে রেখে চালকদের মারধর করা হয়। এ সময় সেলিম মিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং একটি ষাড় (গরু) জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে দেবপাড়া বাজারের কাছে প্রথম দফায় সড়ক অবরোধ করা হয়। প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শত শত বাস, ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে পড়ে।
পরবর্তীতে শ্রমিক নেতাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হলেও বিকেল সাড়ে ৪টার দিকে পুনরায় সড়ক অবরোধ করেন পিকআপ চালক ও শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শ্রমিক নেতা ও সাধারণ মানুষের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সড়ক অবরোধের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে ট্রাক ও ট্যাংকলড়ি সমিতি নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. লিটন মিয়া বলেন, শ্রমিকদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে চালকদের আহত ও জানমালের ক্ষয়ক্ষতি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।