আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস-এর উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তাপস বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমার মরহুম বাবা কাজী আনোয়ার সাহেবকে ভালোবেসে চারবার এমপি নির্বাচিত করেছিলেন। তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমাকে একবার সুযোগ দিন।”
তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন, তবে তখন অনুকূল পরিবেশ না থাকায় জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। এবারের নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
তাপস বলেন, “আমি নির্বাচিত হলে নবীনগরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, এতিমখানা, কবরস্থান ও শ্মশানসহ সব অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, নবীনগরে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ঐক্য ও নাগরিক পরিচয়ের ভিত্তিতে উন্নয়নই হবে তাঁর মূল লক্ষ্য। “আমাদের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশের নাগরিক,” যোগ করেন তিনি।
সমাবেশে বিএনপি ও এর সদ্য বহিষ্কৃত অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। জনসমাগম ও অংশগ্রহণে সমাবেশটি ছিল চোখে পড়ার মতো।