ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬০ কেজি গাঁজা উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা না নিয়ে ঘুষ লেনদেনের অভিযোগে নবীনগর থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছার। গত শুক্রবার (৮ জানুয়ারি ২০২৬) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ভোরে নবীনগর উপজেলা সদর থেকে আড়াই হাজার ফেরিঘাটগামী সড়কের শ্রীরামপুর ইউনিয়নের কানাই বাড়ির মোড় এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযোগ রয়েছে, এত বড় মাদক চালান উদ্ধার সত্ত্বেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা কোনো মামলা দায়ের বা আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ধামাচাপা দিতে ব্যাংকের মাধ্যমে ঘুষের অর্থ লেনদেন করা হয়। বিষয়টি ৭ জানুয়ারি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি পুলিশ সুপারের নজরে এলে তার নির্দেশে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।তদন্তে আরও জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার আনিস মিয়ার ডাচ-বাংলা ব্যাংকের একটি হিসাবের মাধ্যমে ঘুষের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুই পুলিশ সদস্য বরখাস্তের খবরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ঘটনায় পুলিশের ভেতরে জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রত্যাশা আরও জোরদার হয়েছে।পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।