নাফ নদী থেকে ১৩ জেলে নিখোঁজ, উদ্ধারে তৎপর প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | সাদ্দাম আজিজ :
প্রকাশ: ১ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে ৩টি মাছ ধরার নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাছ ধরার সময় একটি সশস্ত্র গোষ্ঠী তাদের নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলেদের নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
তিনি বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিখোঁজ জেলেরা হলেন— মীর কাশেম (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), আবু তাহের (৪০), আবদুল খালেক এবং জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাছ ধরার সময় কয়েকটি দ্রুতগতির নৌযান এসে জেলেদের ধাওয়া করে এবং পরে তাদের নৌকাসহ নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসী আরও জানান, এর আগেও সীমান্তবর্তী এই নদী এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়। এতে স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

error: Content is protected !!