নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে থেকে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র অবশেষে ২৪ ঘণ্টা না পেরুতেই উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া পুলিশের পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে মঙ্গলবার রাত প্রায় ২টা ২০ মিনিটের দিকে বন্দরের ফায়ার স্টেশনের পাশ থেকে ফেলে রাখা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলা পুলিশ একাধিক টিম গঠন করে বিরামহীন অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন—
১. বিশাল (৩১), পিতা: মুকুল, বাসিন্দা: দেওভোগ পানির টাংকি এলাকা।
২. ফরহাদ আহাম্মেদ (২৩), পিতা: আলী আহমেদ, বাসিন্দা: দেওভোগ পানির টাংকি।
৩. হাসান (২১), পিতা: মো. আবুল হোসেন, বাসিন্দা: দেওভোগ পানির টাংকি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্র লুণ্ঠনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, নগর ভবনের সামনে থেকে পুলিশের অস্ত্র লুটের ঘটনা প্রকাশ্যে আসার পর সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে। তবে দ্রুত সময়ের মধ্যেই অস্ত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দাবি, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।