নারী ও তরুণদের কণ্ঠ সংসদে তুলতে চান গুলশান মিতা

মো. হাসান ইসলাম | ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ ঘন্টা আগে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চল থেকে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ললিতা গুলশান মিতা বলেন, পাবনা ও সিরাজগঞ্জ জেলার জনগণের সাথে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। রাজনীতি তার কাছে কেবল ক্ষমতার বিষয় নয়, বরং মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কাজ করে আসছেন এবং বিশেষ করে নারী, শিশু ও তরুণ সমাজের নানা সমস্যাকে কাছ থেকে দেখেছেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নারীদের অধিকার ও সমস্যাগুলো আরও জোরালোভাবে তুলে ধরবেন। পাশাপাশি তরুণ সমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী পৌর মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার, পৌর মহিলা দল নেত্রী ইয়াসমিন আক্তার লিমা, আমেনা খাতুন এবং শহীদ আমিন উদ্দিন আইন কলেজ (পাবনা) শাখা ছাত্রদল নেত্রী ইসমাৎ জাহান ইতিসহ স্থানীয় নেতাকর্মীরা।

error: Content is protected !!