শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া দাখিল মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। অভিভাবক ও এলাকাবাসীর দাবি—তাদের না জানিয়ে, গোপনে এবং নিয়মবহির্ভূতভাবে এই কমিটি গঠন করা হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
বিষয়টির প্রতিকার চেয়ে মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া দাখিল মাদরাসার সুপার নাজিম উদ্দিন গোপনে তফসিল ঘোষণা করে প্রচার-প্রচারণা ছাড়াই নিজের ইচ্ছামতো ম্যানেজিং কমিটি গঠন করেছেন। মাদরাসার অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের না জানিয়ে এমন হঠকারি ও অনিয়মপূর্ণ পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
অভিভাবক জালাল মিয়া, সোহাগ মিয়া, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, বেলায়েত হোসেন, জয়নাল মিয়া, হেলাল উদ্দিন ও আব্দুল জলিলসহ স্থানীয়রা জানান, “মাদরাসার নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে সুপার গোপনে অবৈধভাবে কমিটি গঠন করেছেন। এর আগেও তিনি অবৈধভাবে কমিটি করার চেষ্টা করেছিলেন, তখন ইউএনও হস্তক্ষেপ করে তা বন্ধ করেন। বারবার এমন অনিয়মে আমরা অতিষ্ঠ।”
মাদরাসার সহকারী মৌলভী খলিলুর রহমান বলেন, “কমিটি গঠন সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। নতুন কমিটি হয়েছে কি না, সেটাও আমরা জানি না।” একই অভিযোগ করেন আরও কয়েকজন শিক্ষকও।
অভিভাবক আব্দুর রশিদ বলেন, “আমার মেয়ে দশম শ্রেণিতে পড়ে। আমাকে ভোটার তালিকায় রাখা হয়নি। আমি জানতে চাইলে সুপার অসন্তুষ্ট হয়ে বলেন, ‘আপনি যা করতে পারেন, করেন।’”
অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, কমিটি গঠনের আগে বা পরে কোনো শ্রেণিকক্ষে ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং শিক্ষার্থীদেরও বিষয়টি জানানো হয়নি।
অন্যদিকে, সুপার নাজিম উদ্দিন দাবি করেন, “সকল নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।” তবে তিনি কারও কাছে কমিটির কাগজপত্র দেখাতে রাজি হননি। এমনকি অভিভাবকদেরও জানাননি সভাপতি ও সদস্যদের নাম। তার ভাষায়, “আমার কর্তৃপক্ষ ছাড়া কাউকে কাগজ দেখাব না।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন নিয়া বলেন, “এ বিষয়ে এখনো আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘাকপাড়া দাখিল মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে চলছে ক্ষোভ ও বিতর্ক। প্রশাসনের আশ্বাস অনুযায়ী তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।