নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে ভারতীয় চকলেট ও মদসহ তিনজন গ্রেপ্তার

জান্নাতুল বাকী, শেরপুর ‎
প্রকাশ: ৪ মাস আগে

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় চকলেট ও মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ আটক করা হয়। পিকআপটিতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতীয় চকলেট আনা হচ্ছিল। চালক দ্রুত গতিতে একাধিক পুলিশ ব্যারিকেড অতিক্রম করে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় যানটি আটক করা সম্ভব হয়।

পরবর্তী অভিযানে সাগরিকা পরিবহনের একটি বাসের ব্যাগেজ থেকে আলুর বস্তায় লুকানো ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ চালক, তার সহযোগী এবং সাগরিকা পরিবহনের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হচ্ছে।

error: Content is protected !!