নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় শুরু জকসু ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন। ভোটের দিন ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য মোট ৩৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ১৭৮টি বুথ বসানো হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বস্থলে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট কাটিয়ে শিক্ষার্থীদের অধিকার, দাবি ও কল্যাণে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

error: Content is protected !!