জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী পরিস্থিতি সন্তোষজনক নয় এবং বহু স্থানে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে। বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রথম দফায় ১২৫টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। কতটি আসন পাব—এটা বিবেচনায় রেখে আমরা নির্বাচনে নামিনি। সিট নিশ্চিত করার লক্ষ্য থাকলে যেকোনো জোটে যুক্ত হওয়াই সহজ ছিল।”
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় মাফিয়া–চক্র, ঋণখেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে, যা নির্বাচনী পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এসব প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন কী ভূমিকা রাখে, সেটাই প্রমাণ করবে কমিশন কতটা নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করছে।
নাহিদ ইসলাম আরও জানান, এনসিপি দেশব্যাপী সংগঠন বিস্তারের অংশ হিসেবে ধাপে ধাপে আরও আসনে প্রার্থী ঘোষণা করবে। প্রথম ধাপে ঘোষিত ১২৫ প্রার্থীর তালিকায় তিনিও রয়েছেন—তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা–১১ আসনে।
এনসিপির নেতারা মনে করেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে সাধারণ ভোটারের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে। তারা প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।