নির্বাচনী প্রচারণায় নতুন ধারা: শেরপুর সদরে এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার পাঠ

‎জান্নাতুল বাকী , শেরপুর
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শেরপুর–১ (সদর) আসনে দেখা গেল ভিন্নধর্মী নির্বাচনী আয়োজন। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে যৌথ ইশতেহার পাঠ অনুষ্ঠান।

গণভোট–২০২৬, সংসদ নির্বাচন; দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যে বুধবার (২৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর সদর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক।

অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণবিধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

এরপর পর্যায়ক্রমে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহার পাঠ করেন—

  • বিএনপির ধানের শীষ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

  • স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) মো. শফিকুল ইসলাম মাসুদ

  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ

  • স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ) মো. ইলিয়াছ উদ্দিন

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. লিখন মিয়া

  • জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে মো. আশরাফ আলী

ইশতেহার পাঠ শেষে বক্তব্যে ইউএনও মাহবুবা হক বলেন, এক মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতি ও মত প্রকাশ একটি ইতিবাচক ও নতুন রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

error: Content is protected !!