চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি সম্প্রতি পটিয়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে নাইখাইন গ্রামে অবস্থিত ফুলকলি ফ্যাক্টরির দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
দীর্ঘদিন ধরে ফুলকলি ফ্যাক্টরির দূষিত বর্জ্যের কারণে আশপাশের কয়েকটি গ্রামে মারাত্মক পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। কারখানার আশপাশে স্কুল ও কলেজ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ বিষয়ে একাধিকবার আন্দোলন ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করা হলেও এতদিন কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে নাইখাইন গ্রাম পরিদর্শনে গেলে স্থানীয়রা ফুলকলি ফ্যাক্টরির দূষণ সমস্যার বিষয়টি এমপি এনামুল হক এনামের সামনে তুলে ধরেন। সে সময় তিনি দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এলাকাটি পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।