ঢাকা–১৩ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোহাম্মদপুরের বসিলা শাহজাহান হাউজিং এলাকায় আইনজীবী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।
অনুষ্ঠানে তিনি আইনজীবীদের সঙ্গে নির্বাচনী অঙ্গীকার, আইনের শাসন ও নাগরিক অধিকার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা ন্যায়বিচার, গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ববি হাজ্জাজের সহধর্মিণী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। তিনি আইন পেশাজীবীদের ভূমিকা ও নির্বাচনকালীন আইনি সচেতনতার বিষয়ে বক্তব্য রাখেন।এ সময় এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পেশাজীবী মহলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভা শেষে উপস্থিত আইনজীবীরা মতবিনিময়কে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং গণতান্ত্রিক চর্চা জোরদারে এমন উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।