নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

পোস্টার নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তাসনিম জারার। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি দাবি করেছেন, কমিশনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টাঙানো হচ্ছে, তবে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, নির্বাচন কমিশন পোস্টার ব্যবহার নিষিদ্ধ করায় তিনি নিজে সেই নির্দেশনা মেনে কোনো পোস্টার ব্যবহার করেননি। তবে খিলগাঁও, গোড়ান, সবুজবাগ, মুগদা ও তিতাস রোড এলাকায় অন্যান্য প্রার্থীদের পোস্টারে দেয়াল ভরে থাকতে দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে সংযুক্ত একটি ছবির বরাতে তিনি বলেন, বিষয়টি পুরোনো বা বিচ্ছিন্ন কোনো পোস্টারের নয়; বরং প্রকাশ্যে ও ধারাবাহিকভাবে আইন অমান্য করা হচ্ছে, যা সহজেই নজরে পড়ে। তার ভাষায়, এতে সৎ ও নিয়ম মেনে চলা প্রার্থীরা নির্বাচনি মাঠে পিছিয়ে পড়ছেন।

ডা. তাসনিম জারা আরও বলেন, আইন মেনে চলার কারণে তার কোনো দৃশ্যমান উপস্থিতি না থাকলেও যারা নির্দেশনা মানছেন না, তাদের প্রচার সামগ্রী সর্বত্র দেখা যাচ্ছে। অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনার দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ ভোটারদের কাছে পরিচিত করার সুযোগ সীমিত হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, ওসমান হাদীর ওপর গুলির ঘটনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তিনি দাবি করেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

চোখের সামনে পোস্টার সংক্রান্ত এই অনিয়ম চললেও কমিশনের নীরবতা উদ্বেগজনক উল্লেখ করে তাসনিম জারা আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের দিন সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলেও তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া নাও হতে পারে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, নির্বাচন কমিশন কীভাবে বর্তমান ‘অসম প্রতিযোগিতার পরিবেশ’ সংশোধন করে, সে বিষয়ে তিনি অপেক্ষা করবেন।

error: Content is protected !!