নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি শুরু, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, সরকার সিদ্ধান্ত নিলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে বা পৃথক সময়ে আয়োজন করা হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, খসড়া ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই দিনে ভোটগ্রহণ হলে ভোটকেন্দ্র ও কর্মকর্তা সংখ্যা বাড়বে, তাই পূর্বপ্রস্তুতি অপরিহার্য।

বৈঠকে ভোটকেন্দ্রের সংস্কার, যাতায়াতের রাস্তা মেরামত, শিক্ষা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখা, হেলিপ্যাড সংস্কার এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম গঠন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া নির্বাচনের সময় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, নিরপেক্ষ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, ঋণ ও বিল খেলাপিদের তথ্য হালনাগাদ, ভোটের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কারাবন্দিদের পোস্টাল ব্যালট ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ও আলোচিত হয়।

অর্থ মন্ত্রণালয়কে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যয়ের অর্থসংস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া ভোটার সচেতনতা বৃদ্ধির জন্য সংসদ টিভি ও বিটিভির ফ্ল্যাশ বার্তা ব্যবহার, বিদেশি পর্যবেক্ষকের আগমনের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করা, এবং প্রবাসী ভোটার ও সরকারি কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রস্তুতি নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “গণভোটের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত সরকারের। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার লক্ষ্য নিয়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছি। সংশ্লিষ্ট দপ্তরগুলো ভোটকেন্দ্র এবং তার আশপাশের প্রবেশগম্যতা আগেভাগে নিশ্চিত করবে।”

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের দিনে প্রতিটি উপজেলায় এবং প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম মোতায়েন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট বিভ্রান্তি প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মনিটরিং সেল গঠন করার পরিকল্পনা রয়েছে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, অর্থ, আইন ও বিচার বিভাগসহ ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রধান কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


error: Content is protected !!