নির্বাচন সামনে রেখে রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ১১টি স্থানে চেকপোস্ট (নিরাপত্তাচৌকি) বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে এই তল্লাশি শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে নিরাপত্তাচৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

যেসব এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—পুরান ঢাকার বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রোড (কমলাপুর), গাবতলী, পূর্বাচলের ৩০০ ফিট এলাকা, আবদুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধউড় ব্রিজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, নির্বাচন ও ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

error: Content is protected !!