নোয়াখালীতে এক যুবকের গলায় দড়ি ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

মোঃ আরিফ হোসেন, নোয়াখালী জেলা সদর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ৩ মাস আগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের গলায় দড়ি পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে স্থানীয় বাসিন্দারা মাছের আড়তের ভেতরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অংশ দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তা প্রাণঘাতী নয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন,

“নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা নিহতের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।”

তিনি আরও বলেন,

“নিহতের শরীরে হালকা আঘাতের চিহ্ন থাকলেও তা মৃত্যুর কারণ নয় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!