নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশ এডিশন, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৪ মাস আগে

নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুর মহাজন বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ইয়াছিন আরাফাত (২২)। তিনি মৃত জসিম উদ্দিনের পুত্র ও শাহিনুর আক্তার রেখার সন্তান। তার বাড়ি চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুর মহাজন বাড়ি এলাকায়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম জানতে পারে, ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিদেশি মদ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় ডিবি সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এর তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ইয়াছিন আরাফাতকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী আরমান হোসেন (২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেপ্তার ইয়াছিনের দেওয়া তথ্যে তার বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখা অবস্থায় আরও ৮৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ। সবমিলিয়ে ৯৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন আরাফাত ও পলাতক আরমান দুজনেই পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!