নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা চেয়ার, টেবিলসহ একটি অটোরিকশা পুড়ে গেছে। শনিবার ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর দীনেশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নোয়াখালী–৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ক্যাম্পে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি শর্টসার্কিট নাকি নাশকতার কারণে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রসুলপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ইউনিটের সাধারণ সম্পাদক ফয়সাল দাবি করেন, ক্যাম্পটি তাঁর তত্ত্বাবধানে ছিল এবং পুড়ে যাওয়া অটোরিকশাটির মালিকও তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।