দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে ধারণ করে নোয়াখালীর হাতিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দিবসটি উদযাপিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, র্যালি ও মানববন্ধনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার এবং হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জকি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নোমান মো. হাসানের সঞ্চালনায় বিভিন্ন বক্তা দুর্নীতির নেতিবাচক প্রভাব তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। পরিবার থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক পরিসরে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, গ্রামীণ পর্যায়ে সততা ও স্বচ্ছতার মূল্যবোধ প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা জোরদার করা এবং তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে উদ্বুদ্ধ করা সময়ের দাবি।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।