চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৫৮টিতে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে আরও ১৬টি। ফলে একাধিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বদলি ও অবসরের কারণে এসব পদ শূন্য হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে নিয়মিত পাঠদানে সময় দিতে বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনও কখনও সমন্বয়জনিত জটিলতা তৈরি হয়। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব ও শ্রেণিকক্ষের পাঠদান একসঙ্গে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি–এর পটিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দীন বলেন, শূন্যপদগুলো দ্রুত পূরণ করা হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।
পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত কর্মকার জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের সুযোগ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।